রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-১ সার্কেল কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে এক মাস এবং অপরজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার বিআরটিএর মিরপুর-১৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের কার্যালয় প্রাঙ্গণ থেকে দুইজনকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রবিউল হোসেন ও মো. পিন্টু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, একটি প্রতারক চক্র বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ তাদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করা এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
মতামত