মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সোমবার (১২ অক্টোবর) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
নিহত ফারদিন (১৮) শ্রীনগরের দেউলভোগ এলাকার মিলনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন বাঁশপট্টি এলাকার বাসিন্দা মিঠু (২২)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সকাল ১০টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সমষপুর এলাকায় প্রথম দুর্ঘটনা ঘটে। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে স্বাধীন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে আরোহী ফারদিন ও মিঠু সড়কে ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফারদিনের মৃত্যু হয়।
এদিকে, একই দিন বিকাল ৫টা ৫৫ মিনিটে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের ছনবাড়ী এলাকায় দ্বিতীয় দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বেপরোয়া গতির কারণে স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলসবোঝাই একটি ধীরগতির ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। পরে তারা অন্য গাড়িতে করে গন্তব্যে রওনা হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
বিডিপ্রতিদিন/কেকে
মতামত