বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রপধূ ফরিদা বেগম (৪৫)। ঢাকা থেকে কুড়িগ্রামের রৌমারীগামী বাস হঠাৎই তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। গতকাল শনিবার সকাল ৬টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়ায় ঘটে এই দুর্ঘটনা। একই সময়ে লালমনিরহাট সদরে হাঁটতে বের হওয়া দুই নারীকে চাপা দেয় সিমেন্টবোঝাই ট্রাক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই চার নারী ছাড়াও গতকাল দেশের তিন জেলার সড়কে প্রাণ গেছে আরও চারজনের।
আলাপ থামল বাস চাপায় বকশীগঞ্জের নিলক্ষিয়া ঠাকুরপাড়ায় নিহত উফেজা বেগম এই গ্রামের মৃত মকছেদ আলীর স্ত্রী। তাঁর সঙ্গেই প্রাণ যায় ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী ফরিদা বেগম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে বাড়ির সামনের সড়কের পাশে কথাবার্তা বলছিলেন দুজন। হঠাৎই দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয় শান্তি পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী বাস চালকের সহকারী মহিউদ্দিনকে আটক করে। তবে চালক পালিয়ে যান। বকশীগঞ্জ হাইওয়ে থানার এসআই আবদুল লতিফ জানান, চালকের সহকারীকে তারা বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করেছেন। বাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে লালমনিরহাট-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় ফজরের নামাজ শেষে হাঁটতে বেরিয়েছিলেন দুই নারী। বেপরোয়া গতিতে আসা সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় তারা নিহত হন। তারা হলেন– মোস্তফী বালাপাড়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৪৪) ও আজিজুলের স্ত্রী জমিলা বেগম (৫৯)।
পিকআপ-অটোরিকশার সংঘর্ষ কক্সবাজারের টেকনাফে মিনি পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে কেরুনতলী চাকমারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন– চাঁপাইনবাবগঞ্জের সজীব (৩০) ও কক্সবাজারের রামু উপজেলার এনায়েত উল্লাহ (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এদিকে মাগুরা-নড়াইল সড়কের শত্রুজিৎপুর বাজার এলাকায় বাইসাইকেলে করে যাওয়া শ্যামল কুমার রায়কে (৫৫) গতকাল দুপুরে চাপা দেয় একটি ইজিবাইক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নড়াইলের লোহাগড়ায় এদিন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে জোবায়ের মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মতামত