বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের আকৃষ্ট করতে ১০ কোটি ডলারের বৃত্তি কর্মসূচি চালু করেছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। ‘প্রেসিডেন্টস ইমপ্যাক্ট স্কলারশিপ প্রোগ্রাম’ নামের এ উদ্যোগের মাধ্যমে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী গবেষকদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে বছরে ৮০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাড়ায় প্রায় ৭৭ লাখ টাকা। চার বছরে একজন শিক্ষার্থী মোট ৩ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, কানাডার একটি পারিবারিক ফাউন্ডেশন এ কর্মসূচির জন্য ৫ কোটি কানাডীয় ডলার অনুদান দিয়েছে। উচ্চশিক্ষা ও টরন্টো বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ফাউন্ডেশনটি। অনুদানের অর্থের বিপরীতে বিশ্ববিদ্যালয়ও সমপরিমাণ অর্থায়ন করবে। ফলে পুরো কর্মসূচির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ডলারে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের সেপ্টেম্বরে এ কর্মসূচির আওতায় প্রথম দফায় শিক্ষার্থীদের অর্থায়ন শুরু হবে। এরপর প্রতিবছর ১২ থেকে ১৩ জন নতুন গবেষক চার বছরের জন্য বৃত্তি পাবেন। কর্মসূচির চতুর্থ বছর শুরু হওয়ার আগেই এর আওতায় মোট ৫০ জন গবেষক থাকবেন। এরপরও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা একই পর্যায়ে বজায় রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ, দীর্ঘমেয়াদে প্রতিবছর নতুন গবেষকদের এ সুযোগ দেওয়া হবে।
কানাডার অন্যতম শীর্ষ সরকারি বিশ্ববিদ্যালয় টরন্টো বিশ্ববিদ্যালয়। দেশটির টরন্টো শহরে অবস্থিত প্রতিষ্ঠানটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭-এ বিশ্বে ৩২তম স্থান অর্জন করেছে।
এ ছাড়া, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস বাই সাবজেক্ট ২০২৬-এর আওতায় মূল্যায়ন করা পাঁচটি প্রধান বিষয়ভিত্তিক ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টি কানাডায় প্রথম এবং বিশ্বে শীর্ষ ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।
মতামত