শত শত গ্রাহকের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আবাসন প্রতিষ্ঠান সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমানসহ পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মানিলন্ডারিং শাখার দায়িত্বশীল একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্র জানায়, সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে শত শত নিরীহ গ্রাহকের অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে কমিশনে। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এরই মধ্যে অনুসন্ধানকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকরা শত শত নিরীহ গ্রাহকের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
অনুসন্ধানকারী কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪; দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর বিধান অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অনুসন্ধানকালে অভিযোগসংশ্লিষ্ট কোনও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অথবা স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করার প্রয়োজন দেখা দিলে বিষয়টি দ্রুত লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করতে বলা হয়েছে।
দুদক সংশ্লিষ্ট সূত্র বলছে, অনুসন্ধানে মূলত গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ, ওই অর্থের ব্যবহার, সম্ভাব্য আত্মসাৎ, বিদেশে অর্থ স্থানান্তর এবং চেয়ারম্যান ও পরিচালকদের সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হবে।
মতামত