ময়মনসিংহের ভালুকায় ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল মোতালেক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের লাল মিয়া ছেলে। পরিবার নিয়ে ভালুকা উপজেলার কাঁঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করেন তিনি।
জানা গেছে, ধর্ষণের শিকার কিশোরী রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে কয়েক দিনের ছুটি নিয়ে কাঁঠালী এলাকায় মা-বাবার কাছে বেড়াতে আসে মেয়েটি। এর পর গত ২৫ জুন পুনরায় ঢাকা গিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিশোরী জানায়, ভালুকায় বেড়াতে যাওয়ার পর তাকে একাধিকবার ধর্ষণ করে আব্দুল মোতালেক। বিষয়টি জানার পর গত শুক্রবার বাসার মালিক কৌশলে মেয়েটির মা-বাবাকে ডেকে নেন এবং কলাবাগান থানা পুলিশের কাছে সোপর্দ করেন। কলাবাগান থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল মোতালেক প্রথমে অস্বীকার করলেও পরবর্তী সময় কিশোরীর মা ও বাসার মালিকের জেরার মুখে অভিযোগ স্বীকার করে। পরে শুক্রবার রাতেই আটক আব্দুল মোতালেককে কলাবাগান থানা থেকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় একটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগীর মা।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আব্দুল মোতালেককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
মতামত