বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা এ সংক্রান্ত আবেদন করেন।
কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম বলেন, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন তার মক্কেল। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান তিনি।
আইনজীবী জানান, এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই মামলাতেও জামিন পান তিনি। পরে ৩৬৫/২৪ নম্বর মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার ওই মামলায় তার নিয়মিত হাজিরার দিন ধার্য ছিল।
তিনি আরও বলেন, বুধবার নতুন আরেকটি মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরদিন আদালতে হাজির হলে বিচারক আবেদনটি মঞ্জুর করেন।
২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে রয়েছেন বলে জানান তার আইনজীবী।
মতামত