কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) সফটওয়্যার ও ডাটাবেজ হালনাগাদ করার জন্য রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক এবং বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের আলাদা দুটি সার্কুলারের মাধ্যমে ব্যাংক দুটির সার্ভার আপগ্রেডের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
একটি সার্কুলারে বলা হয়েছে- সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের ডাটাবেজ সংস্করণ আপগ্রেড করার জন্য ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ১৭ অক্টোবর শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। এই ৪৮ ঘণ্টা ব্যাংকটির এটিএম বুথ, অনলাইন ব্যাংকিং ও ডিজিটাল অ্যাপসহ সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। তবে শনিবার শাখায় গিয়ে স্বাভাবিক সেবা নিতে পারবেন গ্রাহক।
অন্যদিকে, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সিবিএস ডাটাবেজ সার্ভার, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ও ডাটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম হালনাগাদের জন্য ২০ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে ব্যাংকটির সিবিএস ডাটাবেজ সার্ভার ও অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের সংস্করণ ১১-জি থেকে ১২-সি এবং ডাটাবেজ ব্যবস্থাপনা সিস্টেম ওরাকল ১১-জি থেকে ১৯-সি-তে উন্নীত করা হবে।
কোর ব্যাংকিং সিস্টেম আপডেটের নির্ধারিত সময়ে ব্যাংক দুটির কোনো গ্রাহকই কোনো ধরনের ডিজিটাল লেনদেন করতে পারবেন না। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ইতোমধ্যে ব্যাংক দুটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এবং জরুরি লেনদেন ডাউনটাইম শুরুর আগেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত