সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রবিবার (১১ অক্টোবর) হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
২০২৫ সালের ২৬ জানুয়ারি রাজধানী থেকে এনামুর রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৭ জানুয়ারি মিরপুর থানার একটি হত্যা মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
একই বছরের ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় দায়ের করা মো. হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। অপরদিকে, আসামিপক্ষ রিমান্ড আবেদন নাকচ করে তার জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসবের মধ্যে পাঁচটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত জামিন স্থগিতের আদেশ দেন।
দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এনামুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।
মতামত