ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধারের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার (১০ অক্টোবর) মানিক মিয়া ও মিজানুর রহমানকে আদালতে হাজির করা হয়। তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বকর ছিদ্দিক।
এর আগে গত রবিবার সকালে ওই দুই বিমানকর্মীকে হেফাজতে নেওয়ার কথা জানায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। পরদিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সংস্থাটির কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-০৫৮২) রানওয়ের যে স্থানে অবস্থান করছিল, সেখান থেকে দুই বিমানকর্মীর জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
সিআইআইডি জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রবিবারই বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
মতামত