দেশে প্রাপ্তবয়স্কদের ১৮ দশমিক ৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে ভুগছেন। শিশু-কিশোরদের মধ্যে এ হার ১২ দশমিক ৬ শতাংশ। তবে দেশে প্রতিনিয়ত মানসিক রোগীর সংখ্যা বাড়লেও সরকারিভাবে বাড়ছে না চিকিৎসার সহজলভ্যতা।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল সোমবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়।
সেমিনারে বক্তারা বলেন, দেশে মানসিক রোগী আক্রান্তের বিপরীতে মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা খুবই অপ্রতুল। এ সংখ্যা মাত্র সাড়ে তিনশর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক জরিপের ভিত্তিতে বেসরকারি সংস্থা লাইট হাউসের তথ্য বলছে, দেশে মানসিক সমস্যায় ভোগা ৯১ শতাংশ মানুষই চিকিৎসাসেবা পান না। স্থানীয়ভাবে চিকিৎসা পাওয়ার সুযোগ না থাকায় চিকিৎসা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বেশির ভাগ মানুষ।
‘লাইভড এক্সপেরিয়েন্সেস হার্ড: রিয়েল ভয়েস, রিয়েল চেঞ্জ’ স্লোগানে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ মিলনায়তনে গতকাল দিনব্যাপী শোভাযাত্রা, সেমিনারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব বলেন, মানসিক স্বাস্থ্যসেবাকে শুধু চিকিৎসার গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং ভুক্তভোগীদের অভিজ্ঞতা ও বাস্তব অনুভূতির কথা শুনে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনতে হবে। কুসংস্কার ও অবহেলা দূর করে সময়মতো সঠিক সেবা নিশ্চিত করা গেলে সমাজে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. এ এস এম রিদওয়ান বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের কথা ও অভিজ্ঞতা শুনলে চিকিৎসার মানোন্নয়ন যেমন সহজ হয়, তেমনি রোগীদের মনস্তাত্ত্বিক প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সমাজে সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, শারীরিক সুস্থতার মতোই মানসিক সুস্থতা রক্ষা করা বর্তমান যুগের বড় চ্যালেঞ্জ। আমাদের শিক্ষালয় ও হাসপাতালগুলোতে এমন এক সহমর্মী পরিবেশ তৈরি করতে হবে, যেন কেউ মানসিক সমস্যায় ভুগলে নিঃসংকোচে কথা বলতে পারেন এবং সময়মতো চিকিৎসাসেবা নিতে পারেন।
সেমিনারে অন্যদের মধ্যে ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিনা আক্তার, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে চিকিৎসা-শিক্ষা ও মানসিক স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
মতামত