বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে, একই সময়ে চলতি বছরের সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-থ্রিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে।
ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মোঃ নাসরুল্লাহ বদরপুরি এবং বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে মো: শাহেদ আহম্মেদ।
"গতকাল অপরাহ্ন আনুমানিক ৩:২০ ঘটিকায় রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রী সেখানে অপেক্ষমান ছিল। দুঘটনায় ওই দুইজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন," মন্ত্রণালয় জানিয়েছে।
এর মধ্যে মি. বদরপুরি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছেন তার ভগ্নীপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন ।
অন্যদিকে শাহেদ আহম্মেদ সৌদি আরবেই কাজ করতেন।
এ নিয়ে আরো পড়তে পারেন এখানে:
ওমরাহ করতে গিয়ে হুথির হামলায় প্রাণ হারালেন মাদ্রাসা শিক্ষক নাসরুল্লাহ
ছবির উৎস, PARVEZ
রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বিবিসি বাংলাকে বলেছেন, “সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ই অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে”।
রোববার সন্ধ্যায় জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো’।
একই সঙ্গে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরতদের সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
এর আগে রোববার সকাল থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামে দুইটি সংগঠন।
সকাল থেকে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় যান চলাচল ব্যহত হয় এবং অনেক পর্যটক আটকা পড়েন।
পরে সন্ধ্যার দিকে প্রশাসনে সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। এরপরই আবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করা হয়।
নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রধান নদীর বন্যায় ঘরবাড়ি, সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, মধ্য গোর্খা জেলার বুধি গণ্ডকী নদীর তীর থেকে প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পাঁচজন নিখোঁজ রয়েছেন।
বন্যার একটি ভিডিওতে দেখা যায়, উত্তাল জলধারা উপত্যকা বেয়ে নেমে এসে একটি গোটা ভবন কমপ্লেক্স ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
নেপাল উচ্চ সতর্কতায় রয়েছে এবং দুই মাস আগে তিব্বত সীমান্তবর্তী শহরগুলোতে আঘাত হানা বিধ্বংসী বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যে বন্যায় ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছিল।
নেপালি বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত দশাইন উৎসবের প্রথম দিনটি উদযাপনের প্রস্তুতি যখন শিশু ও স্থানীয় সম্প্রদায়গুলো নিচ্ছিল, ঠিক তখনই রবিবারের বন্যা গোর্খা জেলাকে বিধ্বস্ত করে দেয়।
পরিবারগুলো ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই নিরাপদ আশ্রয় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগান নিয়ে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় প্রায় এক ডজন বাড়ি ও কয়েকটি ঝুলন্ত সেতু ভেসে গেছে এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় এর কিছু নির্মাণ সরঞ্জাম ভেসে গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক ঘণ্টার মধ্যেই নদীর এক স্থানের জলস্তর দুই মিটার (৬ ফুট ৫ ইঞ্চি) থেকে বেড়ে প্রায় ৮.৫ মিটার (২৭ ফুট ৯ ইঞ্চি) হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালন নিয়ে নতুন একটি পরিপত্র জারি করেছে বিএনপি সরকার।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে বছরজুড়ে জাতীয় পর্যায়ে ১৮টি দিবস ও উৎসব পালিত হবে। পাশাপাশি ঐতিহ্যগতভাবে বা বর্তমান সময়ে দেশের পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিকভাবে উদ্বুদ্ধকরণে সহায়ক ৩৯টি দিবস উদযাপন বা পালন করা হবে।
পরিপত্রে বলা হয়েছে, ধরনের দিবস ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আরও যেসব দিবস পালন করা হয়ে থাকে সরকারের সময় এবং সম্পদ সাশ্রয়ের উদ্দেশ্যে সেই ধরনের দিবস পালনের সঙ্গে সম্পৃক্তি পরিহার করতে পারে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় বীমা দিবস, গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, লালন সাই তিরোধান দিবস, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বিজয় দিবস, বড়দিন, বাংলা নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, ঈদ ই মিলাদুন্নবী এবং দুর্গা পূজা এই ১৮টিকে জাতীয় দিবস/ উৎসব হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে জাতীয় পর্যায়ের দিবসগুলো ছাড়া সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে সাজসজ্জা পরিহার, রাজধানীর বাইরে থেকে বা জেলা পর্যায় থেকে কর্মকর্তা বা কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রীর পরামর্শে এই জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
রোববার সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এ জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত ওই প্রাদেশিক সরকারের সব কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেল।
এর মধ্য দিয়ে এখন প্রদেশটিতে গভর্নরের শাসন জারি হলো।
প্রদেশটিতে জরুরি অবস্থা জারির পর ফেডারেল আইনমন্ত্রী আজম নাজির তারার বলেছেন যে, “খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতি এতটাই অস্বাভাবিক ছিল যে ফেডারেল সরকারকে সংবিধানের ২৩২ এবং ২৩৪ ধারা একযোগে প্রয়োগ করতে হয়েছে”।
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর পরামর্শে পাকিস্তানের রাষ্ট্রপতি সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করেছেন”।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করার পর, প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দি সতর্ক করে বলেছেন যে, “যারা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
খাইবার পাখতুনখাওয়ায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই ক্ষমতায়।
ইমরান খানের মুক্তির দাবিতে তার দলের নেতা–কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে গত চৌঠা অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন। এখনো লংমার্চ খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই অবস্থান করছে।
পিটিআই ও কেন্দ্রীয় সরকারের মুখোমুখি অবস্থানের মধ্যেই আসিফ আলী জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করেন। পরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১০ দিনে মারা গেছে ৫৮ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৯৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ঢাকার সেগুনবাগিচার দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃত দুইজনকে তিন দিন ও বাকি দুইজনকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেয়।
এর আগে গ্রেফতারকৃত চারজনকে রাষ্ট্রদোহ মামলায় আটক দেখায় পুলিশ।
রোববার তাদের আদালতে তোলা হলে প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন করা হয় বলে বিবিসি বাংলাকে জানান শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, “আজ তাদেরকে আদালতে তোলার পর রিমান্ডের আবেদন করা হয়েছিল”।
এর আগে শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে কয়েকজন।
পরে ওই ঘটনায় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমি।
এর মধ্যে আয়াস ও সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগে গত ৫ই অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়েছিল।
সিপিআইএমএল (লিবারেশন)এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি নেহা বোরাকে রোববার আবার আটক করেছে পুলিশ।
সেখানে উপস্থিত বিবিসির সংবাদদাতা রাঘবেন্দ্র রাও নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গে পৌছান।
তবে তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ করতে পারেননি। নেহা বোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে অন্যদের সঙ্গে দৌড়ে পালাতে দেখা যায়। এরপর তাকে ধাওয়া করে পুলিশ আটক করে।
দোসরা অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। প্রায় প্রতিটি বিক্ষোভের পরই পুলিশ তাঁকে আটক করেছে।
শনিবার দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া পাহারার মধ্যে তিনি আকস্মিকভাবে দিল্লি গিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁকে আটক করা হয়।
রোববার তিনি কৌশল পরিবর্তন করেন। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর তিনি সেখানে পৌঁছে বিক্ষোভ করেন। রোববারও পুলিশ তাঁকে আটক করেছে।
ছবির উৎস, Reuters
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি গুরুত্বর আহত হয়েছেন চারজন।
গুরুত্বর আহত চারজন বাংলাদেশি সৌদি আরবের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
যদিও এখন পর্যন্ত ওই নিহত দুইজনসহ আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদেশি আহত হয়েছেন, তারা সৌদির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি”।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় যারা নিহত হয়েছে তাদের মরদেহ বাংলাদেশে আনা হবে রাষ্ট্রীয় খরচে।
এর আগে হুথিদের হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার।
ছবির উৎস, Getty Images
সকল বিমান সংস্থাকে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে নতুন করে সতর্কবার্তা দিয়েছে হুথি গোষ্ঠী।
হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে, সৌদি বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহারের বিরুদ্ধে তাদের সতর্কবার্তা পুর্নব্যক্ত করে জানিয়েছে, এগুলো তাদের বাহিনীর অভিযানের জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তু ও স্থান।
তবে এই বিবৃতিতে এটি স্পষ্ট করা হয়েছে, অন্য জায়গায়গুলো তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হলেও ‘মক্কা ও মদিনা’ তাদের লক্ষ্যবস্তু নয়।
উত্তর ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠীটি তাদের সতর্ক গুরুত্ব সহকারে নেওয়ার" আহ্বান জানিয়েছে এবং একই সঙ্গে তারা বলেছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার ব্যর্থ চেষ্টার জন্য “সৌদি আরব দায়ী”।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুইজন বাংলাদেশিসহ ১২ জন হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতদের বিস্তারিত তথ্য পেতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদের বাংলাদেশ মিশন।
বিবৃতিতে বলা হয়, 'বেসামরিক মানুষের জীবন বিপন্নকারী এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে যে কোনো হামলা গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে'।
এই ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানানোর পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের সমাধান বের করার আহ্বান আবারও জানিয়েছে বাংলাদেশ সরকার।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি
শর্তসাপেক্ষে মুক্তি পেলেন অভিজিৎ দীপকসহ শীর্ষ নেতারা, বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা
বাংলাদেশি ফটোগ্রাফারদের চোখে নয়টি পরিযায়ী পাখির চোখধাঁধানো ছবি
বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে