একটা সময় ছিল যখন বাংলা বা হিন্দি ছবির ডায়লগ শুনতে মুখিয়ে থাকত সিনেমা প্রেমী মানুষ। তবে এখন সেভাবে আর অভিনয়ে দেখা যায় না। পুরোপুরি রাজনীতির মানুষ তিনি। বলছি ভারতের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীর কথা।
গেল বিধানসভার নির্বাচনে বিজেপির পক্ষে প্রচারণা চালান তিনি। নির্বাচনে বিজেপির জয়ে বড় ভূমিকা ছিল তার।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউটাউনে অবস্থিত মিঠুনের ফ্ল্যাটে গিয়ে প্রকাশ্যে সেকথা স্বীকারও করেছিলেন। সেই নির্বাচনী প্রচারণাতেও হিন্দি কিংবা বাংলা সিনেমার ডায়লগ দিয়ে দর্শকদের ভুলিয়ে রাখতেন মিঠুন।
সম্প্রতি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। সে অর্থে একজন মন্ত্রীর পদমর্যাদাভুক্ত এই অভিনেতা। তবে এখনো মঞ্চ উঠলেই তার মুখ থেকে সেই পুরনো ডায়লগ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আমজনতা। রাজনীতির আঙিনা হোক কিংবা দুর্গাপূজা, অনুষ্ঠানের মঞ্চে উঠলেই 'মিঠুন দা' বলে স্লোগান ভেসে আসে অডিয়েন্স থেকে। মানুষের আগ্রহ থাকে তার কণ্ঠে সিনেমার ডায়লগ শুনতে চাওয়ার। ফলে মিঠুনদা থাকবে, আর ডায়লগ হবে না, তা কি কখনো হয়!
বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ায় 'আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনে'র দুর্গাপুজো উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন 'ডিস্কো ড্যান্সার' খ্যাত মিঠুন চক্রবর্তী।
উদ্বোধনী মঞ্চে পূজা মৌসুমে সকলকে শুভেচ্ছা জানান। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পুজার দিনগুলি আনন্দে উপভোগ করার আহ্বান জানান। এরপরই দর্শকদের অনুরোধ মেনে বাংলা ছবি একাধিক জনপ্রিয় ডায়লগ দিতে শোনা যায় মিঠুনকে। 'নাম তুফান, বছরে একবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই তখন উপরওয়ালাও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়।' 'আমি জলঢোঁড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।'
স্বাভাবিকভাবে মিঠুনের গলায় এই ডায়লগ শুনে আট থেকে আশি-সব বয়সের মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এমনকি পাশে দাঁড়িয়ে থাকা বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোসকেও হাততালি দিয়ে বাহবা দিতে দেখা যায়।
মিঠুন থাকবেন আর রসিকতা থাকবে না তাও কি হয়! নিজের মুখেই তিনি জানালেন, 'হঠাৎ করেই একজন বৃদ্ধা এসে আমার পা ছুঁয়ে নমস্কার করলেন। আমি জানতে চাইলাম আপনি পা ছুঁলেন কেন? জবাবে তিনি বললেন আমি আপনার থেকে বয়সে ছোট। এর কোনো যুক্তি আছে? আমার বয়স কেবল ২৭ বছর। আসলে শরীরের বয়স হয়, কিন্তু মনের দিক থেকে আমি এখনো ২৭। আমার চুলও এখনো পাকেনি, এই দেখুন!'
বিডি প্রতিদিন/এনইউ