চলতি বছর এখন পর্যন্ত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেয়েছে। সাকিব ফাহাদের ‘সোলজার’, রায়হান রাফীর ‘আন্ধার’ ও ‘সুড়ঙ্গ ২’ এবং ভিকি জাহেদের ‘খলনায়ক’ বছরের শেষ দিকে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিগুলো মুক্তি পাচ্ছে না। কোনো ছবির শুটিং শেষ হয়নি, কোনোটির পোস্ট প্রোডাকশনের কাজ আটকে আছে।
কবে আসবে ‘সোলজার’
শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। তখন আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ওই বছরেরই ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। পরে সেই পরিকল্পনা থেকে সরে এসে মুক্তির দিন ঠিক হয় ২০২৬ সালের ডিসেম্বর। কিন্তু সেই ডিসেম্বর আসতে আর বাকি মাত্র দেড় মাস, কিন্তু সিনেমাটির শুটিং এখনো শেষ হয়নি। বাকি রয়েছে ৯ দিনের কাজ। এই ৯ দিনের শুটিং নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করেও কাজ শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। তখন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। ঈদুল আজহায় রকস্টার মুক্তির পর শুটিং শুরুর কথা ছিল। তখনো হয়নি। এরপর ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে প্রায় দুই মাস থাকার পর গত আগস্টে দেশে ফিরে সোলজার-এর বাকি অংশের শুটিং করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব হয়নি।
শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিব খানের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামসে দুই–তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তাঁরা পারেননি।’
`সোলজার' সিনেমার শুটিং নতুন করে শুরু করতে না পারার পেছনে অধিকাংশ শিল্পী ও কলাকুশলীর সম্মানী বকেয়া থাকাও বড় কারণ বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে সিনেমার নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইনের কাছে জানতে চাইলে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল। শিল্পী–কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনো তো সিনেমার শুটিংই শেষ হয়নি।’
আর ছবির মুক্তি বিষয়ে তিনি বলেন, ‘শুটিং শেষ হলে মুক্তির তারিখ জানিয়ে টিজার প্রকাশ করা হবে। আশা করি কিছুদিনের মধ্যেই টিজার আসবে। সেখানে সিনেমাটি কবে মুক্তি পাবে, সেখানে তারিখ উল্লেখ থাকবে।’
শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে। এ মাসের শেষে তাঁর দেশে ফেরার কথা। নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু করতে পারেন আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’। এরপর ঈদুল আজহার সিনেমা ‘মহব্বত’-এর কাজ শুরু করার কথা রয়েছে। এই দুই সিনেমার শুটিংয়ের ফাঁকে ‘সোলজার’-এর বাকি কাজ শেষ করার মতো সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে চলতি বছরের ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাবনা একেবারে নেই।
‘আন্ধার’ আসছে আগামী বছরে
কথা ছিল এ বছরের দুর্গাপূজার ছুটিতে মুক্তি পেতে পারে রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’। মুক্তির তারিখ জানিয়ে পোস্টার, টিজারও প্রকাশ করা হয়েছিল। পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়, পরে সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। ‘আন্ধার’ টিমের পক্ষ থেকে ভিডিও বার্তায় জানানো হয়েছে, আগামী বছরের ২৬ মার্চ, স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, চাইলে ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব ছিল। সে ক্ষেত্রে ভিএফএক্সের মান নিয়ে আপস করতে হতো। তিনি বলেন, ‘কিন্তু আমি কোনোভাবেই ছাড় দিতে চাই না। তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ আন্ধার রিলিজ করব।’
‘আন্ধার’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষি।
‘খলনায়ক’ ও ‘সুড়ঙ্গ ২’ নিয়েও অনিশ্চয়তা
চলতি বছরের শেষ দিকে ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ ও রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ ২’ মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। কিন্তু দুটি সিনেমার মুক্তি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, ঢাকা ও কলকাতায় ‘খলনায়ক’ সিনেমার শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনা ও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শাহরিয়ার শাকিল বলেন, ‘সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন শেষ করে মুক্তির তারিখটা ভাবতে পারি। ডিসেম্বরের মধ্যে মুক্তির তারিখটা নিশ্চিত করতে পারছি না।’
অন্যদিকে ডিসেম্বরে মুক্তির ঘোষণা থাকলেও ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিংই শুরু হয়নি। এ বিষয়ে শাহরিয়ার শাকিল বলেন, ‘কিছু সমস্যার কারণে সিনেমাটির কাজ পিছিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে শুটিং শুরু করবেন তাঁরা।সব মিলিয়ে বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় থাকা আলোচিত চার সিনেমার মধ্যে ‘আন্ধার’-এর নতুন তারিখ ঘোষণা করা হলেও বাকি তিনটির মুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সিনেমাগুলো কবে প্রেক্ষাগৃহে আসবে, তা জানতে চলচ্চিত্রপ্রেমীদের অপেক্ষা করতে হবে।