সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠান। এতে প্রধান মূল্যসূচক কোনোরকমে বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এতে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ১৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। প্রধান মূল্যসূচক সামান্য বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৫২ কোটি ৮১ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ইভিন্স টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১১ লাখ টাকার। ১১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১০৩টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৯ কোটি ৪ লাখ টাকা।