অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা প্রথমবার দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে গিয়ে বড় ব্যবধানে হারলেও ব্যক্তিগত সাফল্য পেয়েছেন ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচে অজিদের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের যে কোনো সংস্করণে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েছেন সোবহানা মোস্তারি। এরপর র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এ ডানহাতি ব্যাটার, উঠে এসেছেন সেরা অবস্থানে।
ব্রিজবেনে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ মেয়েদের দলের প্রথম ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে ১১৮ রানের চমৎকার ইনিংস ২৪ বর্ষী সোবহানা মোস্তারি। ক্যারিয়ারে এটা তার প্রথম সেঞ্চুরি। ওই ইতিহাস গড়ার সুবাদে সাদা বলের এ সংস্করণের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে, যৌথভাবে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে আছেন মোস্তারি।
ব্যাটিংয়ে বেশ কিছু দিন ধুঁকতে থাকা বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এদিন ৭৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। এ পথে মোস্তারির সাথে ১৯৫ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। তাতে তিনিও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১১ ধাপ, আছেন এই তালিকায় যৌথভাবে ২৪তম স্থানে। এদিন র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন আরেক ব্যাটার রিতু মনি।
তবে পাঁচ ধাপ পিছিয়েছেন শারমিন আক্তার সুপ্তা। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১২ ধাপ পিছিয়েছেন ওপেনার ফারজানা হক। ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন ভারতের স্মৃতি মান্দানা, দুইয়ে সাউথ আফ্রিকার লৌরা উলভার্ট এবং তিনে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।
আসরে বাংলাদেশের বোলারদের অবনতি হয়েছে। সর্বোচ্চ আট ধাপ পিছিয়েছেন ওপেনার পেসার মারুফা আক্তার, আছেন ৪৭ এ। দলের গুরুত্বপূর্ণ স্পিনার নাহিদা আক্তার দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ ধাপ পিছিয়েছেন, আছেন ১৬তে। এছাড়া ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন দুই ধাপ করে পিছিয়েছেন। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যালানা কিং। দুইয়ে আছেন আরেক অজি অ্যাশলে গার্ডনার এবং তিনে ইংল্যান্ডের সোফি একলিস্টন।