জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন হতে যাচ্ছে। দলে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে শীর্ষ দুই পদ—আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বহাল থাকছেন।
এনসিপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে দুয়েকদিনের মধ্যে এই পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এনসিপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবর্তিত কমিটিতে নাহিদ ইসলামই আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব থাকছেন।
পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদ পাচ্ছেন; আর সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে এনসিপিতে ১১টি শীর্ষ পদ দলটির নেতৃত্বের ‘সুপার ইলেভেন’ হিসেবে পরিচিত। পুনর্গঠনের পর তা ‘সুপার সিক্সে’ রূপ নেবে বলে দলটির নেতারা জানিয়েছেন।
এনসিপির দলীয় সূত্র বলছে, এনসিপির এবারের পুনর্গঠনের মূল লক্ষ্য হচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অধিকতর গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেওয়া। দল গঠনের পর, গত জাতীয় নির্বাচনে এবং সাম্প্রতিক নানা রাজনৈতিক ইস্যুতে এই নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটার প্রতিফলন দলীয় পদেও দেখা যাবে।
দলীয় সূত্র বলছে, বর্তমানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা ১৬। দলের আহ্বায়ক-সদস্যসচিব পদাধিকারবলে এই ফোরামের সদস্য ৷ তাদের দুজনের সঙ্গে পুনর্গঠিত কমিটিতে পাটওয়ারী, হাসনাত, সারজিস ও আসিফ শীর্ষ পদে থাকছেন।
পর্ষদের অন্য ১০ সদস্যকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। তারা হলেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম৷
উল্লেখ্য, বর্তমান সংসদে এনসিপির আটজন সদস্য প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন, আতিকুর রহমান, হান্নান মাসউদ, মাহমুদা আলম ও নুসরাত তাবাসসুম। এর মধ্যে মাহমুদা ও নুসরাত সংরক্ষিত নারী আসনের সদস্য।
এনসিপি সূত্র জানায়, দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিবদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। তারা মূলত সহযোগী সংগঠন ও দলের বিভিন্ন সেল দেখভাল করবেন।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।
‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশের সময় ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা বলেছিল এনসিপি।
গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করে সংসদে ছয়টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি।