সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে লাহিরু উদারার ৯১ রানের ইনিংসে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাতের ঝোড়ো ফিফটিতে সাত বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকেরা।
শুক্রবার রাওয়াপিন্ডিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরু থেকেই ছিল আগ্রাসী। নতুন উদ্বোধনী জুটি ফখর জামান ও অধিনায়ক সাহিবজাদা ফারহান মাত্র ৫ ওভারে ৫৪ রান তুলে দুর্দান্ত সূচনা এনে দেন। ষষ্ঠ ওভারের প্রথম বলেই ফখরকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন এশান মালিঙ্গা। ১৩ বলে ৪টি চারের সাহায্যে ২১ রান করে বিদায় নেন এই অভিজ্ঞ ওপেনার।
ফখরের বিদায়ের পর ৩ নম্বরে মাঠে নামেন বাঁহাতি ব্যাটার মাাজ সাদাকাত। অধিনায়ক ফারহানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯২ রানের চমৎকার এক জুটি গড়ে দলের জয়ের ভিত শক্ত করেন তিনি। দুজনই নিজ নিজ ফিফটি পূরণ করে নেন।
১৪তম ওভারে মাহিশ থিকশানার বলে এলবিডব্লিউ হয়ে মাাজ আউট হলে এই ম্যাচজয়ী জুটি ভাঙে। ২৯ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের কার্যকর এক ইনিংস উপহার দেন তিনি।
এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। হাসান নওয়াজ (১) ও সাইম আইয়ুব (৮) পরপর দুই ওভারে আউট হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৫৬/৪। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের একেবারেই কাছাকাছি নিয়ে যান অধিনায়ক ফারহান। বিদায় নেওয়ার আগে ৫৩ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ৮৯ রানের এক অনবদ্য অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। ১৮তম ওভারে নুয়ান থুশারার বলে আউট হন তিনি।
জয় নিশ্চিতের আগে ১৯তম ওভারের দ্বিতীয় বলে আবারও ধাক্কা খায় পাকিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খানকে (০) একটি শর্ট বলে পরাস্ত করে সাজঘরে ফেরান মালিঙ্গা। তবে শেষ পর্যন্ত আর কোনো বিপত্তি হতে দেননি উইকেটকিপার-ব্যাটার খাজা নাফে। ১৯তম ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন তিনি (১২ রান, অপরাজিত)।
শ্রীলঙ্কার বল হাতে মাহিশ থিকশানা ও এশান মালিঙ্গা ২টি করে উইকেট নেন। এছাড়া দুশমন্থ চামিরা ও নুয়ান থুশারা পান ১টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সফরকারী শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ অবদান রাখেন উদারা, ১৯তম ওভার পর্যন্ত ক্রিজে থেকে লঙ্কানদের বড় স্কোরের পথ দেখান তিনি। অথচ শুরুটা মোটেও ভালো ছিল না শ্রীলঙ্কার; দলীয় মাত্র ৯ রানের মাথায় প্রথম ওভারেই বিদায় নেন অধিনায়ক কুশল মেন্ডিস (১)।
১৮ রানে দুই উইকেট হারানোর পর উদারার সঙ্গে জুটি গড়েন কামিন্দু মেন্ডিস। জোড়া ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৬০ রানের এক পাল্টা আক্রমণের জুটি গড়ে শ্রীলঙ্কার বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই দুজন।
এরপর ছয়ে নামা দাসুন শানাকা (১৫ বলে ১৮) ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেনি লঙ্কান কোনো ব্যাটারের।
পাকিস্তানের পক্ষে বল হাতে সেরা পারফরমার ছিলেন নাসিম শাহ; ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া ইমরান ২টি এবং সাইম, শাদাব ও রাজাউল্লাহ ১টি করে উইকেট নেন। একই মাঠে আগামী রোববার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
বিডি প্রতিদিন/এনইউ
মতামত