কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং অপরাধ। একই সঙ্গে এমন কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষের শেয়ার করার প্রবণতাকে বড় সামাজিক সমস্যা হিসেবে দেখছেন এ অভিনেত্রী। গতকাল সকালে নিজের ফেসবুক পোস্টে এসব কথা লিখেছেন মেহজাবীন। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন-‘কিছু ভিউ, লাইক, শেয়ার কিংবা সামান্য অর্থ উপার্জনের জন্য একজন মানুষের অপমানকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।’ মেহজাবীন লিখেছেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়। এটি একটি অপরাধ।’ এ ধরনের কনটেন্ট যখন অসংখ্য মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না বলেও মনে করেন তিনি। কাউকে মানুষ হিসেবে সম্মান করার জন্য তাকে নিজের পরিবারের সদস্য হতে হবে কেন-সেই প্রশ্নও তুলেছেন মেহজাবীন। কারও মা কিংবা বোনের সঙ্গে এমন ঘটনা ঘটলে কী হতো, এ ধরনের পরিচিত যুক্তির বাইরে গিয়ে মানুষের প্রতি মানুষের সম্মানবোধকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মেহজাবীন।
মতামত