অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা কোন তৃতীয় ভাষা শিখতে সবচেয়ে বেশি আগ্রহী, তা জানার উদ্দেশ্যে একটি মতামত জরিপ পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে একটি বিশেষ মতামত ফরম বিতরণ করা হবে।
পূরণকৃত ফরমগুলো সংগ্রহ করে সাত কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটে পাঠানোর জন্য আঞ্চলিক কেন্দ্রগুলোকে আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়।
অফিস আদেশের তথ্যানুযায়ী, মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের ভাষা শেখার পছন্দ ও আগ্রহ যাচাইয়ের ফরমগুলো প্রথমে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে উপাচার্যের দিকনির্দেশনা অনুসারে প্রতিটি আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন নির্বাচিত কলেজ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব ফরম বিলি করা হবে। শিক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা ফরম সংগ্রহের সার্বিক দায়িত্ব পালন করবেন আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা।
সংগৃহীত মতামত ফরমগুলো ঢাকার ধানমন্ডিতে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীনের কাছে জমা দিতে হবে। পুরো কার্যক্রম সম্পন্ন করে ফরম পাঠানোর জন্য সাত কার্যদিবস সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে জরিপ পরিচালনার কাজে সংশ্লিষ্ট প্রতিটি আঞ্চলিক কেন্দ্র থেকে দুজন কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন করবেন এবং তাঁরা সরকারি বিধি মোতাবেক শুধু যাতায়াত ভাতা (টিএ) প্রাপ্য হবেন। এ ছাড়া এই কার্যক্রম তদারকির উদ্দেশ্যে মাল্টি-ল্যাংগুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোনো কর্মকর্তা আঞ্চলিক কেন্দ্রে পরিদর্শনে গেলে তাঁদের সার্বিক প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত