দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পরিচালিত ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি ২০২৭ সেশনের জন্য পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চতর গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে আগ্রহী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থী, গবেষক ও জ্যেষ্ঠ পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা ছাড়াই আবেদন ও ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
সার্কভুক্ত আটটি দেশের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের অবকাঠামো, বিশ্বমানের শিক্ষক ও বহুমাত্রিক গবেষণার পরিবেশ রয়েছে। বাংলাদেশি পেশাজীবীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম সেরা গন্তব্য হতে পারে এই বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক কাজী অরুণিম রহমান বলেন, ‘এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এই ক্যাম্পাসে আছে পুরো দক্ষিণ এশিয়ার বিচিত্র সংস্কৃতির অনন্য মিলনমেলা। এখানকার আন্তর্জাতিক মানের ফ্যাকাল্টি এবং আধুনিক ল্যাব ও লাইব্রেরির সুবিধাগুলো বিশ্বমানের গবেষণার পরিবেশ নিশ্চিত করে। আন্তর্জাতিক গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে কাজ করার মাধ্যমে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বৈশ্বিক সমস্যাগুলোকে দেখার সুযোগ তৈরি হচ্ছে আমার। এখানে ভর্তির সুযোগ বাংলাদেশি তরুণ গবেষকদের জন্য এক বিশাল সম্ভাবনা। আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ার জন্য সাউথ এশিয়ান ইউনিভার্সিটি সত্যিই এক অসাধারণ প্ল্যাটফর্ম।’
ভর্তি ও আবেদনের মাধ্যম কী
জানুয়ারি ২০২৭ সেশনের পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি করা হচ্ছে। এ ছাড়া এক্সিকিউটিভ পিএইচডি করার সুযোগ আছে। বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থায় কর্মরত কর্মকর্তা ও পেশাজীবীদের জন্য এক্সিকিউটিভ পিএইচডির বিশেষ সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের পেশাজীবীরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে উচ্চতর দক্ষতা অর্জন ও গবেষণার জন্য পিএইচডি করতে পারেন। বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সরকারি–বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষণা কর্মকর্তা, সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কর্মকর্তা, বিচারক, প্রশাসন, বহুজাতিক ও দেশীয় আর্থিক প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা, এনজিও বা আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা ও তরুণ গবেষকেরা আবেদন করতে পারেন।
যেসব বিষয়ে পিএইচডি করার সুযোগ
বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদে বিভিন্ন শাখায় পিএইচডি করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির জন্য উন্মুক্ত বিষয় হচ্ছে বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, লিগ্যাল স্টাডিজ, গণিত, সমাজবিজ্ঞান, মিডিয়া, আর্টস অ্যান্ড ডিজাইন, পদার্থবিজ্ঞান, রসায়ন, ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও ইংরেজি।
আবেদনের প্রক্রিয়া ও যোগাযোগের ঠিকানা
আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর। ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোর্টাল:
ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য, অনুসন্ধান ও সহায়তার জন্য শিক্ষার্থীরা ই–মেইলে ([email protected]) কিংবা হোয়াটসঅ্যাপে (+৯১-৯৮১৮১৮৫২২২) যোগাযোগ করতে পারবেন। সার্কভুক্ত দেশ হিসেবে আন্তর্জাতিক মানের এমন একটি একাডেমিক কমিউনিটিতে যুক্ত হওয়া বাংলাদেশি উদীয়মান গবেষকদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
মতামত